এক তালার কয়েকশ চাবি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

বাংলাদেশের সুপ্রিম কোর্টে রয়েছে ব্যতিক্রমী একটি তালা। এই তালার ভেতরে একশরও বেশি চাবি সযত্নে সংরক্ষিত আছে।

সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক পাশে প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকলেই ডানপাশে চোখে পড়ে এই বিশাল আকৃতির তালাটি। এর  উচ্চতা ১০ ফুট ও চওড়া ৫ ফুট। প্রথম দেখায় তালাটি অনেকের কাছেই ধাতব শিল্পকর্ম বা নান্দনিক স্থাপনার অংশ বলে মনে হতে পারে। তবে কাছে গেলেই বোঝা যায় যে এটি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ।

বড় আকৃতির এই তালা সারিবদ্ধভাবে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের চাবি। প্রধান বিচারপতির দপ্তর, আপিল বিভাগের বিচারপতিদের এজলাস ও চেম্বার, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দপ্তর, কর্মকর্তা-কর্মচারীদের অফিসসহ আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষের চাবি এখানেই সংরক্ষণ করা হয়।

প্রতিদিন সকালে বিশাল এই তালার ব্যস্ততা শুরু হয়। সংশ্লিষ্ট কর্মচারীরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চাবি বুঝে নেন। বিচারিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে নির্ধারিত নিয়মে আবার চাবিগুলো জমা দেন।

সকাল থেকে রাত পর্যন্ত সুপ্রিম কোর্টের একাধিক কর্মচারী চাবিগুলো সংরক্ষণ ও হস্তান্তরের দায়িত্ব পালন করেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিশাল আকৃতির তালাটি মূলত চাবি সংরক্ষণের একটি আলমারি। প্রধান বিচারপতির দপ্তরসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দপ্তর এবং কর্মকর্তা-কর্মচারীদের অফিসের তালা খোলার কয়েকশ চাবি এখানে রাখা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা সকালে এখান থেকে চাবি বুঝে নিয়ে বিকেল বা রাতে আবার জমা দিয়ে যান।

বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ব্যতিক্রমী বিশাল আকৃতির তালাটি আসলে সাধারণ কোনো তালা নয়, বরং তালার আদলে তৈরি একটি বিশেষ আলমারি। এর ভেতরেই সংরক্ষণ করা হয় সুপ্রিম কোর্টের বিভিন্ন দপ্তরের কয়েকশ চাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত