কর্ণফুলীতে ঝোপে মিলল আগ্নেয়াস্ত্র

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রটি আগে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলার সৈন্যারটেক এলাকার চৌরাস্তার মোড়ের একটি ঝোপ থেকে শুক্রবার (১০ জুলাই) রাত ১টার দিকে পিস্তলটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইষতিয়ার উদ্দিন জানান, উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহৃত হয়ে থাকে।

ওসি জানান, উদ্ধারের পর অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো,কারা ফেলে গেছে এবং এর পেছনে কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত