সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইন করার সময় এক নারীসহ ৪ জনকে শুন্য রেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি।

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোন সাড়া পাওয়া যায়নি।

বিজিবি জানায়, শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নং মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা প্রদান করে। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুশইন চারজনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছে।

ওই চারজনই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন- খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা: সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)। 

বিজিবির একটি সূত্র জানা যায়, গত দুই বছর আগে বাংলাদেশী চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। তাদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয় এবং সেখানে দুই মাস কারাবরণ করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত