জাপান-তাইওয়ানের পর এবার চীনে আঘাত হানছে সুপার টাইফুন

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:২২ পিএম

জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালানোর পর আজ মধ্যরাতে চীনে আঘাত হানবে সুপার টাইফুন বাভি। এমন পরিস্থিতিতে দেশটিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, সুপার টাইফুনট আছড়ে পড়বে অত্যন্ত জনবহুল ওয়েনঝো শহরে।

বাভি চীনের দিকে আসতে আসতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও এটির মেঘমালায় যে জলীয়াবাষ্প রয়েছে সেটির প্রভাবে এখনো উচ্চ ঝুঁকি রয়েছে। এই ঝড়ের মেঘমালার আকার ফ্রান্সের সমান।

চীনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ শনিবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ঝেঝাং প্রদেশ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঝড়টি। এটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা একটি ক্যাটাগরি-১ এর হারিকেন।

ওয়েনঝো নামে যে শহরটিতে এটি আছড়ে পড়তে যাচ্ছে সেখানে ১ কোটি মানুষ বাস করেন।

দেশটির সরকারি টিভিতে জানানো হয়েছে, ঝেঝাং প্রদেশ থেকে সরানো হয়েছে ১৭ লাখ মানুষকে। আর পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে আরও এক লাখ মানুষকে।

এদিকে এই টাইফুনের আঘাতে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বাভির প্রভাবে বৃষ্টিপাত বাড়ায় সেই বৃষ্টিতে ফিলিপাইনে ১৭ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে তাইওয়ানে ৮৭ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগ তীব্র বাতাসে মোটরসাইকেল বা সাইকেল থেকে পড়ে অথবা ধসে পড়া জিনিসে আটকে পড়ে আহত হয়েছেন।

সূত্র: দ্য স্টার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত