বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেবে সিভাসু

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত বিভিন্ন উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

সাম্প্রতিক বন্যায় দুর্গত এলাকার সাধারণ মানুষ ও গবাদিপশু অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। সেখানে খাবার, পানীয় জল ও স্যানিটেশনসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ এবং গবাদিপশুর খাদ্য ও চিকিৎসাসামগ্রী নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক কর্মসূচি প্রায় সপ্তাহব্যাপী চলবে।

এরই অংশ হিসেবে আগামীকাল রবিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় রান্না করা খাবারের প্যাকেট, জরুরি ওষুধ ও পানীয় জল এবং গবাদিপশুর জন্য বিশেষ খাদ্য ও ওষুধ বিতরণ করা হবে। সিভাসুর এই ত্রাণ বিতরণকাজে সরাসরি সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন।

শনিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক জরুরি প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান উপস্থিত থেকে দুর্গত এলাকায় দ্রুত ও সমন্বিতভাবে ত্রাণ সহায়তা পৌঁছানোর আহ্বান জানান। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় কর্মসূচিটি সুচারুভাবে সম্পন্ন করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগের পাশাপাশি সিভাসু শিক্ষক সমিতি ও অফিসার সমিতির পক্ষ থেকেও কর্মসূচিটি বাস্তবায়নে আর্থিক ও সার্বিক সহায়তা প্রদান করা হবে।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন এবং পিআরটিসি-র পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির।

সভায় ওয়ান হেলথ ইয়ং ভয়েস বাংলাদেশ, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি, রোটার্যাক্ট ক্লাব অব সিভাসু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (সিভাসু ইউনিট), ফিশবুথ ল্যাব, প্রাঙ্গণ, আইএএএস (IAAS) সিভাসু, বিএও কোর টিম (BAO Core Team), প্রবর্তন, এবং 'হায়াসিন্থ টু অপরচুনিটি'-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সভাপতি, সমন্বয়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত