রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হায়দার হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামের মোহসিন ফরাজির ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে উত্তর বাড্ডা এলাকায় থাকতেন।
হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার দুলাভাই শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কোম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার থেকে পাঁচজন মিলে বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢামেকে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।
এদিকে রাজধানীর এফডিসি মোড়সংলগ্ন একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে সাবস্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিপিডিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যে কয়েকটি এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
ডিপিডিসির এক পরিচালক জানান, ক্ষতিগ্রস্ত সাবস্টেশনটির বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাত ১০টার মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।