রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে হামলা ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের কাছে আবু কোম্পানির (আবু বকর) বাসায় এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ থেকে এই হামলার ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় চারজনের নাম দিয়ে মামলা করেছেন বাড়ির মালিক। এক মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, বাড়ির নিচে গ্যারেজে দুইজন চেয়ারে বসে আছেন। এ সময় কয়েকজন সেখানে এসে তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে এক কিশোরকে দেখা যায়। পরে সেই কিশোরের কোমরে গুঁজে রাখা একটি চাপাতি পাশের পাঞ্জাবি পরা এক ব্যক্তি বের করে নেন এবং একজনকে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করতে দেখা যায়।
একপর্যায়ে ওই কিশোর পাশের আরেকজনের কাছ থেকে চাপাতি এনে কোপানোর ভয় দেখায় এবং কয়েকবার আঘাত করে। ওসি বলেন, ‘এই ঘটনায় বাড়ির মালিক আবু বকর চারজনের নামে মামলা করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ এই চারজনই তার পূর্ব পরিচিত। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।