শিশুসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৪৭ এএম

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কলহের জেরে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার।

তিনি নলছিটি উপজেলার হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে ও নলছিটি শহরের সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার তার ৫ বছরের শিশুকন্যাকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সঙ্গে কলহ লেগে থাকত। কিছুদিন আগে তার স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে তার শিশুকন্যা তার কাছ থেকে নেওয়ার জন্য বিভিন্ন চাপপ্রয়োগ করতে থাকে স্বামীর পরিবার। এ কারণে মানসিক হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, ‘লাকি তার বাবার পরিবারের সঙ্গেই থাকেন। ২০ দিন আগে আমাদের বিচ্ছেদ হলেও তার সঙ্গে আমার তিন মাস ধরে কোনো যোগাযোগ নেই। কেন তিনি এমন ঘটনা ঘটাতে গেলেন তা আমার জানা নাই।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত