সেন্টমার্টিন

পানিবন্দি ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ বিতরণ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

টানা ১১ দিনের ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দ্বীপের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং বহু অসহায় পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ কবলিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

রবিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদে দ্বীপের দুর্গত ও পানিবন্দি ৩০০টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিশেষ উদ্যোগে ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এসএম অনীক চৌধুরীর মাধ্যমে এই ত্রাণসামগ্রী দ্বীপে পাঠানো হয়।

রবিবার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের দ্বীপে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চাল ও শুকনা খাবারসহ এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম, সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম আরমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছৈয়দ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, টানা ১১ দিনের ভারী বৃষ্টিপাতে সেন্টমার্টিনের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজে বের হতে না পারায় ঘরে ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো খাদ্য সহায়তা দ্বীপের মানুষের জন্য বড় একটি স্বস্তি নিয়ে এসেছে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ পৌঁছে দিয়েছি।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম আরমান বলেন, দুর্যোগের এই সময়ে দলমত নির্বিশেষে দ্বীপের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মহোদয়ের বিশেষ তদারকিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত এই সরকারি ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা দুর্গত মানুষের সহায়তায় মাঠে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত