প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের থানচির দুর্গম থুইসাপাড়া এলাকায় বৈরী আবহাওয়াজনিত কারণে আটকে পড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টার চেষ্টায় নিরাপদে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ জুলাই) বিজিবির ফেসবুক ভেরিফাইড পেজ এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া চার পর্যটক হলেন ঢাকার শ্যামপুরের বাসিন্দা মাহাদি আল মাহবুব, সূত্রাপুরের বাসিন্দা মো. মারুফ উদ্দিন, একই থানার আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ। এদের মধ্যে তামিম রায়হান সৌরভ ঢাকার নটর ডেম কলেজের ছাত্র। বাকিরা এসএসসি পাস করে কলেজে ভর্তি হবে বলে জানা যায়।
এতে বলা হয়, ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চার পর্যটক থুইসাপাড়া এলাকায় যান। পরবর্তীতে ৭ জুলাই থেকে টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন। এ খবর পাওয়ার পরপরই বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ জিন্নাপাড়া ক্যাম্প থেকে বিজিবির একটি আভিযানিকদল থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
বিজিবি সদস্যরা তাদের সার্বিক পরিস্থিতি জেনে এবং স্থানীয় কারবারির সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে। একইসঙ্গে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে থানচিতে ফিরে আসা তখন সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে ১১ জুলাই বিজিবি উদ্ধার অভিযান শুরু করে।
এরপর রবিবার অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে বিজিবির আরেকটি দল পর্যটকদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘণ্টা হেঁটে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়ক সংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরবর্তীতে বিজিবির যানবাহনে করে নিরাপদে তাদের থানচিতে ফিরিয়ে আনা হয়।