দুই দিন আগে সন্ত্রাসী ডেভিড ইমন পরিচয়ে ফোনে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে দাবি করা হয় ২ কোটি টাকা। চাঁদা না পাওয়ায় সেই ব্যবসায়ীর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে সশস্ত্র সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে, হামলাকারীরা ওই সময় বেশ ক’টি মোবাইল সেট ও নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রতিষ্ঠানে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করে। পরে তারা প্রতিষ্ঠানের ক্যাশ লুটপাট ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ডিডিএনের পরিচালক রিদুয়ানুল কবির বলেন, আকস্মিক এ হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা ভীত-সন্তস্ত্র হয়ে পড়ে। সন্ত্রাসীরা বেশ ক’টি ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং কয়েকটি মোবাইল ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মাসিক বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল যুবক অস্ত্র শস্ত্র উঁচিয়ে সেখানে ঢুকে বিভিন্ন টেবিলে থাকা জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সেখানে টেবিলের ড্রয়ার খুলে জিনিসপত্র বের করতেও দেখা যায়।
হামলার খবর পেয়ে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা ও ভিডিও ফুটেজ নেন। চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।