রায়গঞ্জে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে বন্যার পানিতে গোসলে নেমে আরাফাত হোসেন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচের খালে বন্যার পানিতে গোসল করতে নেমে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত আরাফাত হোসেন রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, এ দিন সকালে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে খালে বন্যার পানিতে গোসল করতে নামে আরাফাত। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করে। প্রাথমিক ভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত