ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

ডেঙ্গু থেকে সুরক্ষায় মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা বা লম্বা করে লুঙ্গি পরতে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকারের নির্ধারিত হারে পরীক্ষা করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিষয়ে তিনি বলেন, মানুষকে “ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পড়ার জন্য” উদ্বুদ্ধ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের ডেকে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে। হাসপাতাল মালিকরাও তা মানতে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু দেখা দিলে ১০ পারসেন্ট বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে এবং যেই রেটে সরকার এন্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে এর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন।

নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা জানতে চান।

হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, পরীক্ষা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক-নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানান তিনি।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

কেন্দ্রীয়ভাবে এক লাখ ছয় হাজার ৬০০ আরডিটি কিট মজুদ রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুদে যুক্ত হবে বলে জানান তিনি। ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও মজুদ রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও স্যালাইন সরবরাহের সক্ষমতা সরকারের রয়েছে।

রোগীর চাপ বাড়লে ব্যবহারের জন্য মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

দেশের ১২টি জেলায় ১০ শয্যা করে আইসিইউ চালু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরও পাঁচটি জেলায় আগামী ১৫ দিনের মধ্যে আইসিইউ চালু হবে।

ডেঙ্গু প্রতিরোধে গত দুই মাস ধরে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এই কার্যক্রমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা যুক্ত রয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পূর্ণবয়স্ক মশা মারতে স্প্রে এবং লার্ভা ধ্বংসে ট্যাবলেট ব্যবহার করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত