এবার সিরিয়াল কিলার হয়ে টলিউডে চঞ্চল

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

দুই বছর আগে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়  পশ্চিমবঙ্গের প্রতীম ডি গুপ্ত নির্মাণ করেছিলেন  চলচ্চিত্র ‘চালচিত্র’। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, এর দ্বিতীয় অধ্যায় আসবে। নতুন খবর, এবার সিরিজ হিসেবে আসছে ‘চালচিত্র ২’। আর এতে অভিনয় করবেন বাংলাদেশের দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। 

‘চালচিত্র ২’কে এর প্রিক্যুয়েল হিসেবে বিবেচনা করছেন নির্মাতা। তিনি জানান, সিনেমায় যে সিরিয়াল কিলার রয়েছে, তার প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান সময়ের সংযোগ থাকবে গল্পে। মূলত সিরিয়াল কিলারকে ঘিরেই এগোচ্ছে সিরিজটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘চালচিত্র’ সিনেমায় সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। সে চরিত্রেই এবার দেখা যাবে চঞ্চলকে। যদিও অভিনেতা বিষয়টি স্বীকার করেননি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়েছেন, তিনি ‘চালচিত্র ২’ করছেন। 

গণমাধ্যমকে চঞ্চল বলেন, ‘গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।’ আগের মতো এবারও প্রধান তদন্তকারী অফিসারের ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। অভিনয়ে আরও আছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দ প্রমুখ। ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং। চঞ্চল জানালেন, দু-এক দিনের মধ্যে তিনিও যোগ দেবেন ‘চালচিত্র ২’-এর শুটিংয়ে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটিতে মুক্তি পাবে সিরিজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত