দোষী শনাক্তে তদন্ত চলছে

জুলাইয়ের ৫৯ মামলা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২১ এএম

জুলাই আন্দোলনসংশ্লিষ্ট ৫৯টি মামলা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে। প্রতিটি মামলায় বিপুলসংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, মিকা ও ফরেনসিক তথ্যপ্রমাণ যাচাই করে ধাপে ধাপে চলছে তদন্ত।  গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই মামলার অগ্রগতি বিষয়ে জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান বলেন, আমরা ডিবিতে ৫৯টি মামলার তদন্ত করছি। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। আসামিদের অবস্থান শনাক্ত করা এবং আন্দোলনের সময় কার কী অবস্থান ছিল, সেগুলো দেখার বিষয় আছে, ফরেনসিকের বিষয় আছে। আমরা সব কিছু নিয়ে ধাপে ধাপে কাজ করছি। তিনি জানান, জুলাই আন্দোলনসংশ্লিষ্ট প্রায় ৪০ জিবি ডিজিটাল তথ্য তদন্ত কর্মকর্তাদের হাতে রয়েছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলো নিয়ে কাজ করছি। আইন মেনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা প্রতিবেদন দেব।

ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কেবল অভিযোগের ভিত্তিতে নয়; ডিজিটাল তথ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ মিলিয়ে প্রকৃত দায়ীদের শনাক্ত করেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিটি ঘটনায় কার কী ভূমিকা ছিল, কে কোথায় অবস্থান করেছিলেন, কার বিরুদ্ধে কী ধরনের তথ্যপ্রমাণ রয়েছে এসব বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত