বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এমজে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য নৌবাহিনীপ্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।