নদীতে গোসল করতে গিয়ে ৪ শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ এএম

নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার  দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে ।

এই চার শিশু হলো রায়পুরার বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। ওই চার শিশুই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ, স্থানীয় লোকজন ও মারা যাওয়া শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬/৭ জন শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসলে যায়। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে তলিয়ে যায়। চারজন পানিতে ডুবে গেলে বাকিরা পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে নদীতে নেমে একে একে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

একজন ঘটনাস্থলেই মারা যায়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাকি তিনজনেরও মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বেলা ১টার দিকে ওই তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান। তিনি বলেন, তাদের হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত