হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৯৭৪ জন। হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ১৭১ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন বুধবার ৫ শিশুর মৃত্যু হয়। হামজনিত নতুন রোগী ছিল এক হাজার ৯২ জন। তার আগের দিন মঙ্গলবার মৃত্যু হয় সাত শিশুর। হামজনিত নতুন রোগী ছিল ৯৯০ জন। গত তিন দিনে মৃত্যু হয়েছে ২০ শিশুর। হামজনিত রোগী পাওয়া গেছে ৩ হাজার ২৫৩ জন। সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৭৯ শিশু। এর মধ্যে হামে ৯৫ শিশু এবং উপসর্গ নিয়ে ৬৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার ২৪২ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ১৫ হাজার ১৩৮ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৪ হাজার ১০৪ শিশু। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮১৯ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ২৭৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, খুলনার ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছে।

এ পর্যন্ত হামজনিত মৃত্যু বেশি হয়েছে ঢাকা বিভাগে। উপসর্গ নিয়ে মারা গেছে ২৯৮ জন, হামে ৫৯ জন। সিলেটে উপসর্গে ৯৪, হামে ৩; রাজশাহী উপসর্গে ৮৯, হামে ২; ময়মনসিংহে উপসর্গে ৬৫, হামে ২; চট্টগ্রামে উপসর্গে ৫৫, হামে ২; বরিশালে উপসর্গে ৪৩; হামে ১৯; খুলনায় উপসর্গে ৩১, রংপুরে উপসর্গে ৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত