এনএসইউতে স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বকাপ কুইজ অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) -এর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) আয়োজন করল ‘এনএসইউ ওয়ার্ল্ড কাপ কুইজ প্রতিযোগিতা ২০২৬’। শুক্রবার (১৭ জুলাই) এনএসইউ ক্যাম্পাসে এই প্রতিযোগিতায় রাজধানী ঢাকাসহ নরসিংদী, বরিশাল, যশোর, রংপুর ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার মোট পুরস্কার ছিল এক লাখ টাকা।

মোট ৫২০টি দলের অংশগ্রহণে বিভিন্ন ধাপে প্রতিযোগিতায় অংশ নেয় ১,০৪০ জন শিক্ষার্থী। ফুটবল ইতিহাস, FIFA, বিশ্বকাপ, কিংবদন্তি খেলোয়াড় ও স্মরণীয় মুহূর্ত নিয়ে ছিল প্রশ্নোত্তর পর্ব। ফাইনালে ১০টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন দল পায় ৫০ হাজার টাকা, প্রথম রানার্সআপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ২০ হাজার টাকা পুরস্কার। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজের পাশাপাশি অনলাইন মিমস জাতীয় অর্থনীতে কেমন অবদান রাখছে তার উপর রম্য বিতর্ক পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জীবন সদস্য বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইভোরিয়ান ফুটবলার শেখ কামারা, যিনি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন লীগে খেলে থাকেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এসএইচএসএস ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম।
স্বাগত বক্তব্যে অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, ‘আজকের এই কুইজের প্রকৃত বিজয়ী হচ্ছে অংশগ্রহণকারীদের খেলোয়াড়সুলভ মনোভাব। প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পরও তারা সহপাঠীদের জন্য করতালি দিয়েছে, এটাই বড় অর্জন।’ 

প্রধান অতিথি বেনজীর আহমেদ বলেন, ‘এত অল্প বয়সী শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ সত্যিই দারুণ। এই উদ্দীপনা ও ভালোবাসা ভবিষ্যতে দেশের জন্য ইতিবাচক শক্তিতে পরিণত হবে বলে আমরা আশা করি।’

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘ফিফা বিশ্বকাপ উদযাপন এনএসইউ সংস্কৃতির অংশ। এই কুইজ সেই ধারাকে আরও বিস্তৃত করেছে। শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকা উচিত নয়; জ্ঞান ও ভাবনার এই বিনিময় পূর্ণাঙ্গ শিক্ষার জন্য অপরিহার্য। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক এই চর্চায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহন নতুন দিনের স্বপ্ন দেখায়।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘অফসাইড অফেন্ডারস’ দল, যার সদস্য মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. সামিউল ইসলাম ও আবদুল্লাহ আল রাফসান। প্রথম রানার্সআপ ‘রিগড অ্যান্ড রেডি’ দলের সদস্য ফাইয়াদ জায়েদ (বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) ও রহিব বিন রেজা (রাজউক উত্তরা মডেল কলেজ)। দ্বিতীয় রানার্সআপ ‘নো বেঞ্চ’ দলের সদস্য আউসাফ ওয়াসিত (বিএএফ শাহীন কলেজ) ও আরমান হোসেন (ঢাকা সিটি কলেজ)।

এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় ও স্কুল শিক্ষার্থীদের জন্য নানা প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি সম্প্রতি ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ে দুটি নতুন স্নাতক প্রোগ্রাম চালু করেছে অনুষদটি। আয়োজকরা জানান, এ আয়োজনের সাফল্যে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত