ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, শেরপুরে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে ডাকাতির চেষ্টা কালে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগের ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় তিনজনের একটি দল তার গতিরোধ করে। পরে, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার বাজাজ ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়।

মামলার তদন্ত চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন।

খবর পেয়ে শেরপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. মোকছেদুর রহমান মাহিন (২০) বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই আগের দিন ছিনতাই করা মোটরসাইকেল বলে শনাক্ত করেন। পরে উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত