রণধীর জয়সওয়াল

হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধটি আইনি প্রক্রিয়ার অধীনে খতিয়ে দেখছে ভারত। 

আজ শুক্রবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানিয়েছেন, আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই এই বিষয়টি বিবেচনা করা হবে।

নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল নিশ্চিত করেন, বাংলাদেশের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত।

জয়সওয়াল বলেছেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি, যেমনটা আমরা আগেও বলেছি, বর্তমানে পরীক্ষা-নিরীক্ষাধীন।

তিনি যোগ করেন, এই অনুরোধটি প্রত্যর্পণের আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনা করে দেখা হবে।

ব্রিফিংয়ে জয়সওয়ালের কাছে আরও জানতে চাওয়া হয়, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিবিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে অন্য কোনো প্রত্যর্পণের অনুরোধ এসেছে কি না।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি জয়সওয়াল। তিনি জানান, আমি এই মুহূর্তে এটি নিশ্চিত করতে পারছি না। বিষয়টি আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।

তবে জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেছেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধই প্রচলিত আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা করা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত