গাইবান্ধায় সিআইডি পরিচয়ে প্রতারণা, ৩ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। শুক্রবার ভোরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮),শেখ শাদিউল ইসলাম (২০)। তারা সবাই ঢাকা খিলগাও এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে আটক করেছে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এমন খবরে ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ দাবি করেন- গ্রেপ্তারের সময় ওই তিন যুবকের কাছে থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে ইউপি চেয়ারম্যান ওই তিন যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ডিবি পুলিশ তাদের আটক করে প্রতারণায় মামলায় গ্রেপ্তার দেখায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত