যেভাবে দোয়া করলে কবুল করেন আল্লাহ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ এএম

দোয়া ইবাদতের মূল। এটি বান্দা ও রবের মধ্যে নিবিড় সম্পর্কের প্রকাশ। কিন্তু শুধু দোয়া করাই যথেষ্ট নয়, দোয়ারও রয়েছে আদব ও পদ্ধতি। ইসলাম আমাদের এমন কিছু আদব শিক্ষা দিয়েছে, যা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।

ফাযালাহ ইবনে উবাইদ (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি মসজিদে নামাজ আদায় করে দোয়া করল, ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন।’ তখন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, হে নামাজি! তুমি তাড়াহুড়া করেছ। যখন নামাজ শেষ করে বসবে, তখন প্রথমে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করবে, এরপর আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। তারপর আল্লাহর কাছে দোয়া করবে।

এরপর আরেক ব্যক্তি একইভাবে নামাজ শেষে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপর নবীজি (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ করল। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, এখন দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে।’ (জামে তিরমিজি ৩৪৭৬)

এই হাদিস থেকে জানা যায়, দোয়ার শুরুতে মহান আল্লাহর প্রশংসা এবং নবীজি (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আদব। এটি দোয়ার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে এবং বান্দাকে আল্লাহর আরও নিকটবর্তী করে।

অপর হাদিসে আবদুল্লাহ ইবনে বুরাইদাহ (রহ.) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে এভাবে দোয়া করতে শুনলেন, হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র মাবুদ। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি একক, অমুখাপেক্ষী। তুমি কাউকে জন্ম দাওনি এবং তোমাকেও জন্ম দেওয়া হয়নি। আর তোমার সমকক্ষ কেউ নেই।

তখন নবীজি (সা.) বললেন, সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! এই ব্যক্তি আল্লাহর মহান নামের (ইসমে আজম) ওসিলায় দোয়া করেছে। যে নামের মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ তা কবুল করেন এবং যে নামের মাধ্যমে কিছু চাওয়া হলে তিনি তা দান করেন।’ (জামে তিরমিজি ৩৪৭৫)

এই হাদিস আমাদের শিক্ষা দেয়, আল্লাহর তাওহিদ, মহিমা ও গুণাবলির স্বীকৃতি দিয়ে দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে সুরা ইখলাসে বর্ণিত আল্লাহর গুণাবলি উল্লেখ করে তার কাছে প্রার্থনা করলে তা দোয়া কবুলের অন্যতম উপায় হতে পারে।

অতএব দোয়া করার সময় তাড়াহুড়া না করে প্রথমে আল্লাহর প্রশংসা করা, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা এবং আল্লাহর সুন্দর নাম ও মহান গুণাবলির মাধ্যমে তার কাছে প্রার্থনা করা উচিত। দোয়ার এই সুন্নাহসম্মত পদ্ধতি অনুসরণ করলে আল্লাহর রহমত ও দোয়া কবুলের আশা আরও দৃঢ় হয়।

লেখক : ইসলামি গবেষক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত