সবুজায়নের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ঘিরে বিতর্ক

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের একান্ত সহকারী সচিব ও সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বিডি ক্লিনের সঙ্গে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে সমঝোতা স্বাক্ষর করবে ঢাকার দুই সিটি করপোরেশন। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সচিবালয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময় সভা করা হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফরিদ উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরই আমেরিকায় পাড়ি জমিয়েছেন। বর্তমানে সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন এ প্রতিষ্ঠানের।

মতবিনিময় সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম  বলেন,  ঢাকার দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে সই হবে একটি সমঝোতা স্মারক। দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারাও সরবরাহ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১২ সদস্যের প্রতিনিধি দল। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরও বিস্তৃত করতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত