শপিংমলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৪২ এএম

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার একটি শপিংমলের পাঁচতলা থেকে নিচে পড়ে মাইনুদ্দিন (২২) নামে এক যুবক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে ‘ফিনলে স্কয়ার’ নামের শপিংমলে এ ঘটনা ঘটে।  নিহত মাইনুদ্দিনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাতে মাইনুদ্দিন ফিনলে স্কয়ার শপিং মলের পাঁচতলার রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে তিনি নিজে রেলিংয়ের ওপর দিয়ে বসার ভান করে নিচে পড়ে যান। ঘটনার পরপরই মার্কেটের নিরাপত্তা প্রহরী প্রিয় দত্ত গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত