দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

টাকা ফেরত পেল এতিমখানাগুলো

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৩ এএম

‘এতিমের জন্য বরাদ্দ অর্ধেক চাল উধাও’ শিরোনামে গত বৃহস্পতিবার দেশ রূপান্তরে খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে মতলব উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো। প্রশাসনের তৎপরতায় অনিয়মের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে যুবদল নেতা মনির হোসেন মোল্লা সরকারি বরাদ্দের এক টন করে চাল পাওয়া ৪৬ এতিমখানায় ১০-১২ হাজার করে টাকা পৌঁছে দেন। গতকাল শুক্রবার এ টাকা পৌঁছে দেওয়া হয়। বেশ কয়েকটি এতিমখানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ প্রকাশের জেরে টাকা ফেরত পাওয়ায় দেশ রূপান্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এতিমখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি বরাদ্দের এক টন চালের বিপরীতে কোনো এতিমখানায় দেওয়া হয়েছিল ১৫ হাজার টাকা, কাউকে ১৭ হাজার। আবার কেনো কোনো এতিমখানায় এক হাজার কেজি (১ টন) চালের বিপরীতে দেওয়া হয়েছে ৫০০ বা ৬০০ কেজি চাল। অর্থাৎ, যাকে যা দিয়ে বিদায় করতে পেরেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর শুক্রবার যুবদল নেতা মনির হোসেন মোল্লা দায় স্বীকার ও ক্ষমা চেয়ে ১০-১২ হাজার করে টাকা এতিমখানাগুলোতে পৌঁছে দেন।

উপজেলার সাড়ে পাঁচানী হোসাইনীয়া এতিমখানার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আমীন মাস্টার বলেন, চালের বিষয়টি যারা নিয়ন্ত্রণ করছেন তাদের এতিমদের দোহাই দিয়ে বিভিন্ন অনুরোধ করেও সুফল পাওয়া যায়নি। পরে সংবাদ প্রকাশ ও সাংবাদিকদের হস্তক্ষেপে একদিনের মধ্যে মনির হোসেন মোল্লা এতিমখানায় গিয়ে আরও ১০-১২ হাজার করে টাকা পৌঁছে দিয়েছে।

কলাকান্দা ইউনিয়নের সাতানী নেদায়ে ইসলাম আশেকী মানঞ্জুর হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি বাহাউদ্দিন জানান, তার এতিমখানায় প্রথম সপ্তাহে এক টন চালের পরিবর্তে দেওয়া হয়েছিল ১৫ হাজার টাকা। তখন আর কিছু পাবে না জানানো হলেও শুক্রবার (গতকাল) আরও ১৫ হাজার টাকা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত