জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাড়ইল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল পাড়ইল গ্রামস্থ হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, জব্দকৃত ট্যাবলেটগুলো পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জোর দিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।