অস্বাভাবিক উচ্চ জোয়ারে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চ টার্মিনালের সব পন্টুন পানির নিচে তলিয়ে গেছে। এতে লঞ্চে ওঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়েছেন হাজারো যাত্রী। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিকল্প স্থান থেকে লঞ্চ চলাচল পরিচালনা করছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একে একে টার্মিনালের সব পন্টুন পানিতে তলিয়ে যায়। ফলে যাত্রীদের কোমর সমান পানির মধ্যে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
ইলিশা টার্মিনাল দিয়ে যাতায়াতকারী বৃদ্ধা আমেনা বেগম বলেন, পন্টুন ডুবে যাওয়ায় অনেক কষ্ট করে লঞ্চে উঠতে হচ্ছে। প্রতিটি পদক্ষেপেই দুর্ঘটনার ভয় কাজ করছে।
ভোলা নদীবন্দর কর্মকর্তা নির্মল কুমার রায় জানান, বিকেলের অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে টার্মিনালের সব পন্টুন পানির নিচে চলে গেছে। প্রতিদিন এই টার্মিনাল দিয়ে প্রায় ৩০টি লঞ্চে প্রায় ৫০ হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পন্টুন ডুবে থাকার সময় সাময়িকভাবে বিকল্প স্থান থেকে লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি ও জোয়ারের প্রভাবে নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বন্দর কর্তৃপক্ষ।