আর্জেন্টিনা না স্পেন? ফাইনালে কার পাশে স্কালোনির পরিবার?

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম

মাঠের লড়াই ছাপিয়ে অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। রবিবারের বিশ্বকাপ ফাইনালের ঠিক আগেই তেমন এক আবেগী সমীকরণের মুখোমুখি দাঁড়িয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একদিকে নিজ দেশ আর্জেন্টিনার হয়ে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়ের সমীকরণ, অন্যদিকে তার জীবনসঙ্গী ও সন্তানদের স্প্যানিশ পরিচয়। এই দুইয়ের মেলবন্ধনে স্কালোনির পরিবারে এখন চলছে এক অদ্ভুত মানসিক দোটানা।

আর্জেন্টিনা কোচের স্ত্রী এলিসা মন্টেরো একজন স্প্যানিশ নাগরিক। স্কালোনি ২০০৮ সালে মায়োর্কায় খেলার সময় তাদের পরিচয়। তাদের দুই সন্তান, ইয়ান ও নোয়ার জন্মও স্পেনের মাটিতেই। এতেই বিশ্বকাপের এই ফাইনালে যখন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই স্কালোনির পরিবারের ভেতরে এক অদ্ভুত আবেগ আর দ্বিধার দোলাচল তৈরি হয়েছে। স্ত্রী ও সন্তানরা আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে থাকলেও, তার স্ত্রীর পরিবারের মায়োর্কার শিকড় কি সায় দিচ্ছে স্পেনের বিপক্ষে?

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি অকপটে স্বীকার করেছেন তার পরিবারের এই জটিল পরিস্থিতির কথা। তিনি বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানরা অবশ্যই আমাদের সাথে, আর্জেন্টিনার সাথে থাকবে। যদিও আমার স্ত্রী স্প্যানিশ, তবে আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বা এটির জন্য কতটা কষ্ট করছি, তা সে খুব ভালো জানে; আর আমার সন্তানরা তো আরও ভালো জানে।’ 

তবে স্কালোনির স্ত্রীর মায়োর্কায় থাকা আত্মীয়-স্বজনদের অবস্থান নিয়ে কোচ বলেন, ‘মায়োর্কায় থাকা পরিবারের অন্য সদস্যরাও নিশ্চয়ই দ্বিধায় আছে। এটি তাদের জন্য কঠিন একটি পরিস্থিতি, আমি তা বুঝি। তবে যা-ই হোক যে-ই জিতুক, দিনশেষে তারা খুশিই হবে।’ 

স্কালোনির কথায়, আর্জেন্টিনা জিতলে যেমন আনন্দ হবে, তেমনি স্ত্রীর পরিবারের জন্য স্পেনের হারটাও এক ধরনের আক্ষেপের কারণ হবে। ফুটবলীয় লড়াইয়ের ডামাডোলের মাঝে স্কালোনির পরিবারের এই পারিবারিক আবেগ এই ফাইনালকেদুই ভিন্ন সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধনে পরিণত করেছে। দিনশেষে, মাঠের লড়াইয়ের বাইরে কোচের পরিবারের এই ব্যক্তিগত আবেগই ফুটবলকে করে তুলেছে আরও বেশি মানবিক। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত