বিশ্বকাপের পর ফের আর্জেন্টিনা-স্পেন লড়াই?

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

সদ্য সমাপ্ত বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের রেশ এখনও তাজা। মহাযুদ্ধের সেই উত্তাপ না ফুরাতেই ফুটবলবিশ্বের সামনে হাজির হচ্ছে আরও এক হাই-ভোল্টেজ দ্বৈরথের সম্ভাবনা। কোপা আমেরিকা ও উয়েফা ইউরো চ্যাম্পিয়নদের মর্যাদাপূর্ণ লড়াই, বহু প্রতীক্ষিত ফিনালিসিমার মঞ্চে আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন।

স্পেনের কাছে শিরোপা হারানোর সেই হতাশা পেছনে ফেলে মধুর বদলা নেওয়ার দারুণ এক সুযোগ হাতছানি দিচ্ছে আলবিসেলেস্তেদের সামনে। ইএসপিএনের সাংবাদিক মার্টিন আরেভালোর এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই মেগা ম্যাচটি মাঠে গড়াতে পারে আসছে নভেম্বরেই। কাতার বিশ্বকাপের ফাইনালের পর কাতারই এই ইভেন্টের স্বত্ব কিনে নেওয়ায় ম্যাচটির ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে সেই চেনা আঙিনা, লুসাইল স্টেডিয়াম।

এর আগে চলতি বছরে শুরুতে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা থাকলেও উয়েফা ও কনমেবলের মধ্যে ভেন্যু নিয়ে মতপার্থক্য এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে গিয়েছিল। তবে সব জট কাটিয়ে ফিফার প্রবল আগ্রহে ম্যাচটি নতুন করে মাঠে গড়ানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।


লুসাইল স্টেডিয়ামেই চার বছর আগে বিশ্বজয়ের উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা। এবার একই মাঠে স্পেনের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এই ম্যাচটি হয়ে উঠতে পারে দারুণ এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই ম্যাচটিকে কেন্দ্র করে সবচেয়ে বড় আলোচনাটি আবর্তিত হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর অনেকেই ধারণা করেছিলেন, এটিই হয়তো দেশের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে ৩৯ বছর বয়সেও টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করা মেসি কী তবে এখনই বুটজোড়া তুলে রাখছেন?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ডবল আমারিয়া'-র মতে, ফিনালিসিমা, বিশ্বকাপ বাছাইপর্ব এমনকি ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকায় এবং ফেডারেশন থেকে কোনো চাপ না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পুরো স্বাধীনতা থাকছে মেসির হাতেই। এদিকে বিশ্বকাপের সোনালি ট্রফি হাতছাড়া হওয়ার পর ফিনালিসিমার এই সম্ভাব্য মঞ্চটিও হতে পারে নীল-সাদা জার্সিতে মেসির রূপকথার অধ্যায়ের বর্ণিল শেষ দৃশ্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত