২০২৭ পর্যন্ত মিলানেই থাকছেন মদ্রিচ 

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

চলতি বছরের সেপ্টেম্বরে বয়সটা দাঁড়াবে ৪১-এ। কার্যত বুড়োর কাতারে এসে পড়লেও ফুটবলের প্রতি নিবেদনটা এখনই থামাতে চাইছেন না ক্রোয়েশিয়ার মহাতারকা লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এবার ইতালির ক্লাব এসি মিলানে নিজের অধ্যায় আরও দীর্ঘ করলেন এই মিডফিল্ডার।

গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ২০২৭ সালের জুন পর্যন্ত সান সিরোতেই নিজের ফুটবল অধ্যায় বজায় রাখার ঘোষণা দিয়েছেন এই ক্রোয়াট কিংবদন্তি। এ নিয়ে ক্লাবটির দেওয়া এক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মদ্রিচ বলেছেন, ‘এসি মিলানেই থাকতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রথম দিন থেকেই আপনারা আমাকে যে ভালোবাসা ও আপন করে নেওয়ার অনুভূতি দিয়েছেন, তা অতুলনীয়।’ 

দলের গত মৌসুমের পারফরম্যান্স নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রত্যাশার চেয়েও মৌসুমটা কিছুটা পিছিয়ে ছিল, তবে ঘুরে দাঁড়ানোর তীব্র বাসনা এখন আমাদের মধ্যে কাজ করছে। একটি নতুন মৌসুম ও নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে।’ 

২০২৫ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ফ্রি ট্রান্সফারে রোসোনারিদের জার্সিতে নাম লেখান মদ্রিচ। মিলানের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি। বয়সকে কেবলই সংখ্যা বানিয়ে মাঠের পারফরম্যান্সে এখনো মুগ্ধ করে যাচ্ছেন এই অভিজ্ঞ ফুটবলার। ক্লাবটির হয়ে প্রথম মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী না কাটলেও নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছেন তিনি। 

মিলানের গত মৌসুমটা খুব একটা সুখের না হওয়ায় এবং তারা লিগে পঞ্চম স্থান অর্জন করায় নতুন কোচের হাতে দল তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। বরখাস্ত হওয়া মাসিমিলিয়ানো আলেগ্রির স্থলাভিষিক্ত হয়ে এসি মিলানের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবেন আমোরিম। তার অধীনেই নতুন ইউরোপা লিগ এবং লিগ মৌসুমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দলটি।

এদিকে উত্তর আমেরিকায় নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ আসর খেলে ফেলেছেন মদ্রিচ। যদিও পর্তুগালের বিপক্ষে বিতর্কিত হারে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় ক্রোয়াটদের, তবে জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই দুই শ'র বেশি ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এছাড়া ক্লাব ক্যারিয়ারে মদ্রিচের বর্ণিল অর্জনের ঝুলিতে রয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জয়ের রেকর্ড। এ ছাড়া ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই মিডফিল্ডার মাঠের ভেতরের ক্লাস এবং মাঠের বাইরের নেতৃত্ব দিয়ে এসি মিলানের ড্রেসিংরুমে এনে দিয়েছেন অনন্য এক ভারসাম্য। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আরও একটি মৌসুমের জন্য রোসোনারিদের জার্সি গায়ে জড়াতে পুরোপুরি প্রস্তুত আধুনিক ফুটবলের এই চিরসবুজ লিজেন্ড।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত