রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান?

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যতটা জোরালো, সামাজিক যোগাযোগমাধ্যমে ততটাই আলোচনায় উঠে এসেছেন খাইরুল দেওয়ান।

সম্প্রতি ‘রাষ্ট্রপতি পদে কাকে দেখতে চান’-এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনের ফটোকার্ড পোস্টের মন্তব্যে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নামের পাশাপাশি ব্যঙ্গ-বিদ্রূপ ও হাস্যরসের ছলে অনেকেই খাইরুল দেওয়ানের নামও লেখেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

খাইরুল দেওয়ানের নাম প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময়। তখন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও খাইরুল দেওয়ানও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে নির্বাচন কমিশন তাকে মনোনয়নপত্র দেয়নি। এর প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে আরও দুজনকে নিয়ে মানববন্ধন করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে আইনি লড়াইয়ের ঘোষণাও দেন।

এরপর জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন ও কর্মসূচি করে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানাতে থাকেন খাইরুল। তার এসব বক্তব্য ও কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টি হাস্যরসের সঙ্গে উপস্থাপন করেন। তবে আওয়ামী লীগ সরকারের সময় তার ওপর হামলার ঘটনাও ঘটেছিল বলে তিনি দাবি করেন।

পরে তিনি ‘জনকল্যাণ পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। দলটির ব্যানারে রাজধানীর পল্টন, তোপখানা, হাইকোর্ট ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী নেতা’ হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করা শুরু হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ইচ্ছার কথাও জানান খাইরুল দেওয়ান। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রোল ছড়িয়ে পড়ে। সেখান থেকেই অনেকের কাছে তিনি ‘প্রিয় নেতা’ নামে পরিচিতি পান। ফলে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা শুরু হলেই তার নাম নতুন করে সামনে আসে।

একটি ভিডিওতে খাইরুল দেওয়ান বলেন, তাদের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। মুক্তিযুদ্ধের পর সেই বাড়ি ভেঙে যায়। তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি কোয়ার্টারে তার বেড়ে ওঠা। বর্তমানে তিনি কেরানীগঞ্জ দক্ষিণের আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায় বসবাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত