দেশজুড়ে ক্রীড়া ক্ষেত্রে কিশোর-কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষণার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে বসা হাজার হাজার খেলাপ্রেমী শিশু-কিশোররা মুহুর্মুহু করতালিতে তাদের আনন্দ প্রকাশ করে।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর প্রতিপাদ্য হল‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী সরাসরি খেলোয়াড়দের কাছে চলে যান। পরে পুরো মাঠ ঘুরে হাসিমুখে গ্যালারিতে থাকা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলার বিষয়ে উৎসাহ দেন। এ সময় মাঠে অবস্থানরত ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ আর উচ্ছ্বাসে হইহই করে ওঠে।
এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
খেলা শুরুর পর কিছুসময় ভিআইপি গ্যালারিতে বসে পরে মাঠের পাশে এসে খেলা দেখেন প্রধানমন্ত্রী। খেলা দেখার জন্য মাঠে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
সমাপনী দিনে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল।
বিকাল ৩টায় বালকদের ফুটবল ফাইনাল খেলাটি হয়েছে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে। এতে সিলেট অঞ্চল ২-০ গোলে বিজয়ী হয়েছে।
পরে শুরু হয়েছে বালিকাদের ফুটবল ফাইনাল। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজশাহী ও রংপুর অঞ্চল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে সারাদেশে তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ করতে গত ২ মে থেকে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।