চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত ডাকাত ও একাধিক মামলার আসামি মোহাম্মদ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখমসংক্রান্ত মামলা। তিনি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিও। মামলাগুলোর মধ্যে রয়েছে ২০১০ সালের একটি ডাকাতি মামলা, ২০১৭ সালের একটি অস্ত্র মামলা ও একটি হত্যাচেষ্টা-চাঁদাবাজির মামলা, ২০১৯ সালের একাধিক হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদক মামলা এবং ২০২০ ও ২০২৩ সালের পৃথক হত্যাচেষ্টা ও অস্ত্র মামলা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তাকে গ্রেপ্তারের জন্য আনোয়ারা থানা পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অস্ত্র মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে এবং তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
