প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সরাসরি ৩ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে প্রবেশের সময় তিনি এই নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন এবং এর মাধ্যমেই দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।
নীলা খাতুন: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এই শারীরিক প্রতিবন্ধী জন্ম থেকেই দুই হাতহীন। তবে পা দিয়ে লিখে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আয়শা আক্তার: গাইবান্ধার সাঘাটা উপজেলার এই শারীরিক প্রতিবন্ধীও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দুই হাত না থাকায় তিনি অত্যন্ত আবেগঘন মুহূর্তে মুখ দিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মো. হাসমত আলী: নড়াইল সদর উপজেলার এই দৃষ্টি প্রতিবন্ধীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।
এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদানের পরপরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানান তিনি।
দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে