গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ৩

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৫ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২ জনে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাবুতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হন এবং কয়েকজন আহত হন। আহতদের আল-আকসা শহীদ হাসপাতাল নেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বুরেইজ পৌরসভার বিপরীতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক শিশু নিহত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। আহতদেরও আল-আকসা শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-রিমাল এলাকায় আল-মামুনিয়া স্কুলের কাছে একটি আবাসিক ফ্ল্যাটে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৩৩৫ জন নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫২ জন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত