মার্কিন রাজনীতিতে আবার তৈরি হতে যাচ্ছে নতুন এক সমীকরণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভায় যোগ দিয়েও মতবিরোধের কারণে দূরত্ব বাড়িয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। তবে এবার ট্রাম্পের রাজনৈতিক সংকটময় মুহূর্তে সব দূরত্ব ভুলে আবারও তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে ব্যাকফুটে থাকা ট্রাম্পের ভাগ্য ফেরাতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছেন এই প্রযুক্তি ব্যবসায়ী।
সামনে আসছে মার্কিন মধ্যবর্তী নির্বাচন, আর এই নির্বাচনে রিপাবলিকান পার্টির অবস্থান শক্ত করতে বড় অঙ্কের অর্থ ও কৌশল নিয়ে নামছেন মাস্ক। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ট্রাম্পকে জয়ী করতে এর আগে ব্যবহৃত রাজনৈতিক সংগঠন ‘আমেরিকা প্যাক’-কে আবার পূর্ণ শক্তিতে সক্রিয় করছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে এই সংগঠনের মাধ্যমে তিনি প্রায় ২৬০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিলেন, যা রিপাবলিকানদের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল।
আসন্ন নির্বাচনে মূলত যেসব রক্ষণশীল ভোটার প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য নির্বাচনে ভোট দিতে কম উৎসাহ দেখান, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসাই হবে মাস্কের প্রধান লক্ষ্য। এর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানো, বড় পরিসরে ডিজিটাল বিজ্ঞাপন দেওয়া এবং সরাসরি ডাকযোগে যোগাযোগের মতো কৌশল বেছে নিচ্ছে তাঁর টিম।
যদিও এবার মাস্ক কত বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তাঁর প্রতিনিধিরা। তবে গত নির্বাচনের বিনিয়োগের ইতিহাস এবং বর্তমান মার্কিন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এবারও চমকে দেওয়ার মতো বিশাল এক তহবিল নিয়ে ভোটের মাঠে প্রভাব ফেলতে যাচ্ছেন প্রযুক্তি জগতের এই আইকন।
