চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, দুস্থ ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আবদুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার।
সৈয়্যদ মর্তুজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন কর্মমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়, এটি অনেক নারীর আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে এসব নারী নিজ নিজ পরিবারে আয় বৃদ্ধি এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন দরিদ্র, দুস্থ ও বিধবা নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
