মেয়েদের কেন্দ্রীয় চুক্তিতে নতুন ৫

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচজন ক্রিকেটার। এদের মধ্যে জাতীয় দলের চুক্তিতে যুক্ত হয়েছেন ২ জন এবং ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৩ জন। এতে জাতীয় দলের চুক্তিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা ১৫ থেকে বেড়ে ১৭ জন হয়েছে। ঘরোয়া ক্রিকেটে তা ৩৬ থেকে বেড়ে ৩৯ জন হয়েছে।

বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম ‘নতুন চুক্তিতে খুব বেশি পরিবর্তন করা হয়নি। নতুন যারা এসেছে, তারা ভালো পারফরম্যান্স করেই চুক্তিতে জায়গা পেয়েছে।’

জানা গেছে, জাতীয় দলের চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন অধিনায়ক নিগার সুলতানা, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে নতুন চুক্তিতে বেতন কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি। এর বাইরে, ৮ বিভাগে নতুন করে নারী ক্রিকেটার খুঁজে বের করার জন্য ৮ জন মেন্টর নিয়োগের বিষয়টি সর্বশেষ বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। রফিকুল জানান, সাবেক নারী ক্রিকেটারদের মধ্যে যাদের লেভেল-২ কোচিং কোর্স করা আছে, তাদের অগ্রাধিকার দেবে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত