স্বর্ণস্বপ্নের যাত্রা খো খো’র

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:২০ এএম

দক্ষিণ এশিয়া (এসএ) গেমসে স্বর্ণপদক জয় এখনো অধরা বাংলাদেশের। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা। বৃহস্পতিবার পল্টনের আউটার স্টেডিয়ামে শুরু হওয়া গ্লোবাল ইন্স্যুরেন্স জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপের খেলায় অংশ নিচ্ছে ৩৪টি জেলা ও দুটি বাহিনীর দল। যার মধ্যে ২১টি পুরুষ ও ১৫টি নারী দল রয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম। ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির, সহসভাপতি ফজলুর রহমান বাবুল, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মোক্তাদির, পৃষ্ঠপোষক গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক মনিরুল ইসলাম। এই খেলা থেকে সেরাদের খুঁজে বের করার পরিকল্পনা করেছে ফেডারেশন। যাদের নিয়ে গঠন করা হবে জাতীয় দল। দীর্ঘমেয়াদি অনুশীলন শেষে এই দলটিকে এসএ গেমসে স্বর্ণজয়ের জন্য যোগ্য করে তোলা হবে। খা খো ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘আমরা এখান থেকে ছেলে ও মেয়েদের দুটি শক্তিশালী দল গঠন করব। মার্চে পাকিস্তানে এসএ গেমস। ওই গেমসে আমাদের স্বর্ণপদক জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব বলেই বিশ্বাস করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত