আশুলিয়ায় মিলল প্রেশার কুকার বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম

আশুলিয়ার একটি দোকানের সামনে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেশার কুকার বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা খুলে দেখেন, ভেতরে প্রেশার কুকার আকৃতির বোমাসদৃশ একটি বস্তু রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে যায়। রাত ৩টার দিকে বস্তুটি উদ্ধার করে পাশের একটি খোলা মাঠে নেওয়া হয়। শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে গর্ত করে সেটি রাখা হয় এবং চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি পাইপ বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক জানিয়েছিলেন, ছাতার সঙ্গে এমনভাবে বোমাটি সংযুক্ত ছিল যে ছাতা খুললেই বিস্ফোরণ ঘটতে পারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত