মো. সাইদুর রহমান
সহকারী অধ্যাপক, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান রি-অ্যাক্টিভ ফিজিওথেরাপি সেন্টার,
বর্তমান সময়ে ঘাড় থেকে কাঁধ হয়ে হাতে ব্যথা খুবই সাধারণ সমস্যা। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার, ভুল ভঙ্গিতে বসা, অতিরিক্ত পরিশ্রম বা বয়সজনিত পরিবর্তনের কারণে এ ধরনের ব্যথা দেখা দিতে পারে। অনেকেই এটিকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করেন, কিন্তু কিছু ক্ষেত্রে এটি স্নায়ুর সমস্যার লক্ষণ হতে পারে।
ঘাড়ের হাড়ের মাঝখানে থাকা ডিস্ক ক্ষয়প্রাপ্ত হলে বা সরে গেলে স্নায়ুর ওপর চাপ পড়ে। তখন ঘাড় থেকে কাঁধ, বাহু, এমনকি আঙুল পর্যন্ত ব্যথা, ঝিনঝিনি, অবশ ভাব বা দুর্বলতা অনুভূত হতে পারে। এছাড়া ঘাড়ের পেশির টান, আঘাত, দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে কাজ করা এবং সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিসও এই সমস্যার গুরুত্বপূর্ণ কারণ।
যদি ব্যথার সঙ্গে হাত অবশ হয়ে যায়, হাতের শক্তি কমে যায়, জিনিসপত্র ধরতে অসুবিধা হয় অথবা ব্যথা দীর্ঘদিন স্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে এক্স-রে, এমআরআই বা অন্যান্য পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করা যেতে পারে।
চিকিৎসার ক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ওষুধ, বিশ্রাম, জীবনযাত্রার পরিবর্তন এবং ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঠিক ব্যায়াম, ঘাড়ের পেশি শক্তিশালী করার অনুশীলন, সঠিক বসার অভ্যাস এবং কর্মস্থলে সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখলে অধিকাংশ রোগী ভালো ফল পান। অযথা ঘাড় টানা, মালিশ বা অভিজ্ঞতাহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসা নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে অনেক ক্ষেত্রে।
এই সমস্যা প্রতিরোধে প্রতি ৩০-৪০ মিনিট পরপর কাজের মধ্যে বিরতি নেওয়া, মোবাইল চোখের সমতলে ধরে ব্যবহার করা, সঠিক উচ্চতার চেয়ার-টেবিল ব্যবহার করা, সঠিক নিয়মে কম্পিউটার মোবাইল অথবা আনুষঙ্গিক ডিভাইসগুলো ব্যবহার করা। উপযুক্ত বালিশে ঘুমানো এবং নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘাড় থেকে হাতে ব্যথাকে অবহেলা না করে দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো সম্ভব অনেক অংশে। তাই ঘাড় ব্যথা হলে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ সেবন করা অত্যন্ত জরুরি। সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যায়াম করার মাধ্যমে ঘাড় ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে খুব দ্রুততম সময়ের মধ্যে। তাই ঘাড় ব্যথা হলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম। কেননা এ বিষয় নিয়ে অভিজ্ঞতা না থাকলে অর্থ ও সময় নষ্ট করে আরও সমস্যায় পড়ে যেতে পারেন।
