ক্রিপ্টো ট্রেডিং ও এমএলএম প্ল্যাটফর্ম

বিনিয়োগে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৩৯ এএম

অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং ও এমএলএম (মাল্টি-লেভেল মার্কেটিং) প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন কিংবা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অননুমোদিত এসব প্ল্যাটফর্ম সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে থাকে। অনেক ক্ষেত্রে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে কমিশন বা বোনাস দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু এসব কার্যক্রম কোনো নিয়ন্ত্রক সংস্থার তদারকির আওতায় না থাকায় বিনিয়োগকারীদের অর্থ হারানোর পাশাপাশি আর্থিক প্রতারণার শিকার হওয়ার বড় ধরনের ঝুঁকি থাকে।

এর আগেও বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একাধিকবার অননুমোদিত ক্রিপ্টো সম্পদে বিনিয়োগ এবং অনুমোদনহীন এমএলএমভিত্তিক অর্থ সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সতর্ক করেছে। দেশে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং প্রচলিত আর্থিক বিধি-বিধানের আওতায় অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্রস মার্কেট ডট এআই বা অনুরূপ কোনো প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন কিংবা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন এ ধরনের কার্যক্রমে অন্যদের সম্পৃক্ত না করেন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত