তথ্যমন্ত্রী বললেন

সংসদের চেয়ে রাজপথ প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:১৩ এএম

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনে যদি আঙুল বাঁকা করতে হয়, জনগণের প্রয়োজনে সরকার অবশ্যই তা করবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সরকার চেষ্টা করবে শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করতে।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লবের ওপর আলোকচিত্র প্রদর্শনীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ফ্যাসিবাদের ১৫ বছর : চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবার। তিন দিনের এ প্রদর্শনী চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত। এ আয়োজন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা খেয়াল করেছি, পার্লামেন্টের চেয়ে রাজপথই অনেকের বেশি পছন্দ। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরও বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন, সোশ্যাল মিডিয়াতে নানা রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছেন।

তিনি বলেন, এ কথা মনে করার কোনো কারণ নেই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না। এ কথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। আমরা বুঝি বলেই কিন্তু অভিভাবকের ভাষায় কথা বলি। আমরা বুঝি বলেই কিন্তু আমাদের গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়।

দেশ গড়ার কাজে যারা সমস্যা তৈরি করবে, তাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব। কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলো সমাধান করতে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ভিআইপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর নাজম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত