কিউবায় সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে বিশ্ববাসীর প্রতি পেত্রোর আহ্বান

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

কিউবায় সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিউবার সঙ্গে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন। সূত্র আল জাজিরা। 

শনিবার (১ আগস্ট) কিউবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত পেত্রোর বক্তব্যে এ তথ্য জানানো হয়। 

আগামী সপ্তাহে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে শেষ সরকারি বিদেশ সফরে শুক্রবার কিউবায় পৌঁছান পেত্রো। সেখানে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 'আমি মানবজাতির প্রতি আহ্বান জানাতে এসেছি, যেন কিউবার প্রতি সংহতি দেখানো হয়। এখানে কোনো আগ্রাসন বা ক্ষেপণাস্ত্র হামলা না হয়। একই সঙ্গে বর্তমান মার্কিন সরকার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সংলাপের আহ্বান জানাচ্ছি।'

তিনি আরও বলেন, কিউবাকে সংঘাতের কেন্দ্র না বানিয়ে সংলাপের একটি ক্ষেত্র হিসেবে গড়ে তোলা উচিত। তার ভাষায়, "এখন সংলাপেরই সময়।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার কিউবায় শাসন পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত কমিউনিস্ট শাসিত দ্বীপটিকে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য "অসাধারণ হুমকি" বলে উল্লেখ করেছেন। এমনকি ওয়াশিংটন কিউবার নিয়ন্ত্রণ নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে কার্যকর তেল অবরোধসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি বেড়েছে এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

যদিও এ সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে, কিউবা সরকারের দাবি, সেসব বৈঠক থেকে কোনো অগ্রগতি আসেনি।

এদিকে আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এসেই তিনি কিউবা ও নিকারাগুয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন। তিনি দেশ দুটিকে 'স্বৈরশাসিত রাষ্ট্র' হিসেবে অভিহিত করেন।

এর জবাবে কিউবা সরকার বলেছে, এই ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রতি 'স্পষ্ট আনুগত্যের বহিঃপ্রকাশ'।

উল্লেখ্য, কিউবাই ২০১৬ সালে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী সংগঠন ফার্কের (ফার্ক) মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনা আয়োজন করেছিল, যার মাধ্যমে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত