রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্যে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
রবিবার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী তাঁকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়; পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর ড্রেনেজ ও জলবায়ু অভিযোজন বিষয়ে দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞের হাতে ঢাকা ওয়াসার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে।
ড. সাব্বির মোস্তফা খানের প্রায় তিন দশকের কর্মজীবনের বড় অংশ কেটেছে পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী, বন্যা, জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ-সংক্রান্ত গবেষণা এবং প্রকৌশল শিক্ষায়।
তিনি ১৯৯৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ কৌশলে স্নাতকোত্তর সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৭ সালে বুয়েটে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পানি সম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
