কলেজছাত্রী ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা কারাগারে

দল থেকে বহিষ্কার 

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৩ এএম

ধর্ষণের মামলায় গ্রেপ্তার যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরের বিচারক আরাফাত হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক। এর আগে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে করা মামলায় শনিবার রাত ৯টার দিকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তিনি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এদিকে ধর্ষণের অভিযোগে রাব্বিকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আরাফাত হোসেন রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য রাব্বির সহযোগিতা চান ওই তরুণী। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ ছিল। তবুও সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে ওই তরুণীকে চৌগাছা শহরে নিয়ে যান রাব্বি। পরে নানা কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। রাতে পরিবারের সদস্যদের নিয়ে চৌগাছা থানায় গিয়ে তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। মামলার পর রাত ৯টার দিকে পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে মামলা করেছে। মেয়েটির স্বাস্থ্যও পরীক্ষা করা হয়েছে। ছেলেটিকে রবিবার আদালতে পাঠানো হলে কারাগারে পাঠান বিচারক। এই ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে জমা দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত