জেলের জালে উঠে এলো শটগান

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে পুলিশের লুট হওয়া একটি শটগান উঠে এসেছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সিংগারপুর এলাকায় ব্যক্তিমালিকাধীন একটি পুকুরে শটগানটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ জালে একটি শটগান উঠে আসে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়। আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান,, শটগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং কতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত