নাটোরে আ. লীগ নেতা আব্দুল মতিন মাস্টার গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিধুলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নাশকতার একটি মামলার আসামি হওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, নাশকতার মামলার আসামি হওয়ায় আব্দুল মতিন মাস্টারকে সিধুলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।

তবে গ্রেপ্তারের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে তার পরিবার। আব্দুল মতিন মাস্টারের স্ত্রী মোছা. সায়রা বেগম বলেন, তার স্বামী হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে তিনটি রিং পরানো রয়েছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে প্রতি সপ্তাহে চিকিৎসা নিতে হয় তাকে।

তিনি দাবি করেন, তার স্বামী বাসা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা-সংক্রান্ত দায়িত্ব পালনের বাইরে খুব কমই বাইরে যেতেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রতিপক্ষের ঈর্ষা ও বিরোধিতার কারণেও তার স্বামীকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবারও আব্দুল মতিন মাস্টার সিধুলী বাজারে ইউনিয়ন কার্যালয়ে গেলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত