ইনফান্তিনোর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

ফিফা বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর চরম ব্যাকফুটে পড়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত শনিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন, উয়েফা ও কনকাকাফ তার নেতৃত্বের ওপর অনাস্থা জানানোর পর, এবার প্রথম জাতীয় ফুটবল সংস্থা হিসেবে ওয়েলস আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ থেকে সমর্থন তুলে নেয়। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি তাদের অনাস্থার বিষয়টি সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছে, "ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করছে যে, ২০২৭-২০৩১ মেয়াদের জন্য ফিফা সভাপতি পদে জনাব জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতা থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি। সম্প্রতি সুশাসন, প্রশাসনিক প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, যোগাযোগ ও সঠিক সিদ্ধান্তের অভাব পরিলক্ষিত হয়েছে। এসব ব্যর্থতার কারণে জনাব ইনফান্তিনো ফুটবলের শীর্ষ পদে থাকার যোগ্যতা ও এফএডব্লিউ-এর আস্থা হারিয়েছেন। ফুটবলের সর্বোত্তম স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়া এমন একটি বিষয়, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।"

বিষয়টির সাথে সম্পর্কিত একটি নির্ভরযোগ্য সূত্রের মতে, ওয়েলসের এই পদক্ষেপের পরপরই ইংল্যান্ডের এফএ-ও ইনফান্তিনোকে ২০২৭-২০৩১ মেয়াদের নির্বাচনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০১৬ সালে সেপ ব্ল্যাটারের বিদায়ের পর ফিফা সভাপতির দায়িত্ব নেওয়া ইনফান্তিনো বিগত দুটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। ২০২৭ থেকে ২০৩১ সালের মেয়াদের জন্য তার পুনর্নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছিল। কিন্তু এই বিতর্কিত প্রস্তাবের পর ২০২৭ সালের মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে তার পুনঃনির্বাচিত হওয়ার পথ অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা অবশ্য গণমাধ্যমে প্রকাশিত 'আইনি ব্যবস্থা নেওয়া' সংক্রান্ত খবর নিশ্চিত না করলেও জানিয়েছে, তারা ফিফাকে একটি 'ডকুমেন্ট প্রিজারভেশন অর্ডার' (নথি ও তথ্য-উপাত্ত ধ্বংস না করার নির্দেশ) পাঠিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত